কোভিড পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়নে শুরু হলো এসিএমপি ৪.০ গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচী। নিউ নরমাল পরিস্থিতে কর্মী ঝড়ে পড়া কমিয়ে ব্যবসায় সম্প্রসারণের বিভিন্ন মডিউল নিয়ে ৪টি ব্যাচে তিন মাসের এই কর্মসূচিতে প্রশিক্ষণ নিচ্ছে ২২৮ জন মিড ম্যানেজমেন্টে কর্মরত পেশাজীবী।
আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্পের অধীনে ১৪তম- ১৭তম ব্যাচের এই প্রশিক্ষণ কর্মসূচিতে সপ্তাহে ৩-৪ দিন অনলাইনে ক্লাস হবে। ১২ সেশনে অনুষ্ঠিত হবে ৮০টি ক্লাস। প্রতিদিনই পরীক্ষা হবে। আর সনদ পেতে কমপক্ষে ৭০ শতাংশ ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মঙ্গলবার সকালে ভার্চুয়াল মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
“কোভিড-১৯ মহামারীকালে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে প্রায় ৫০ শতাংশ, ই-কমার্সে কেনাকাটা বেড়েছে ৫০ শতাংশ এবং মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে ৫০ লাখ। দুর্যোগ, মহামারীকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার করেই অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখার এটি একটি প্রকৃষ্টতম উদাহরণ।”- পলক
এসময় প্রতিমন্ত্রী জানান, পরিবর্তীত পরিস্থিতিতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলে বাণিজ্যিক কার্যক্রম প্রসারে শিগগিরই একটি ভার্চুয়াল ইউনিভার্সিটি অব মাল্টিমিডিয়া অ্যান্ড ইনোভেশন চালু করা হবে। সেখানে আইবিএ এর সার্টিফিকেট কোর্স চালু করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে বাণিজ্যিক কার্যক্রমকে পরিবর্তন করছে কোভিড-১৯। তাই যে পেশা বা অবস্থানেই থাকি না কেন প্রত্যেকটি স্থানেই সবাইকে কাটিং এজ প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। নতুন ধরনের বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে আমরা খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে সক্ষম হচ্ছি। রোবট, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডাটা অ্যানালাইটিক্সের মতো অত্য্যধুনিক প্রযুক্তিই হবে আগামী দিনের অর্থনীতিসহ জীবন-যাত্রার চালিকা শক্তি। এজন্য সবাইকে এসব প্রযুক্তি সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকতে হবে।
পলক বলেন, গত ১০০ দিন সামাজিক দূরত্বে থেকেও ইন্টেলেকচুয়ালি সংযুক্ত হয়ে আমাদের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, অফিস কোনো কিছুই পিছিয়ে নেই।
তিনি আরো বলেন, পেন্ডামিক পরিস্থিতিতে ৫০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর ইন্টারনেট ব্যবহার বেড়েছে। বাণিজ্যিক ব্যবহার বেড়েছে ৫০ শতাংশ ৫০ লাখে বেশি মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে।
এলআইসিটি প্রকল্পের উপদেষ্টা সামি আহমেদের সঞ্চালনায় এবং আইবিএ পরিচালক সায়েদ ফরহাত আনোয়ারের সভাপতিত্বে এলআইসিটি প্রকল্প পরিচালক রেজাউল করিম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, বাক্কো প্রেসিডেন্ট ওয়াহিদ শরীফ, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর প্রমুখ বক্তব্য রাখেন।